সোনালি অগ্রহায়ণ : নববর্ষের স্মৃতি, নবান্নের উৎসব
‘ ও মা , অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি , আমার সোনার বাংলা। ’ — রবীন্দ্রনাথ ঠাকুর যে ‘ সোনার বাংলা ’ -র কথা বলেছেন , তার সবচেয়ে স্পষ্ট রূপ যেন ধরা পড়ে অঘ্রানের বাংলায়। কারণ অগ্রহায়ণ মাসেই বাংলার উর্বর মাটিতে সত্যিই সোনা ফলে — সোনালি ধানের রূপে। বিস্তীর্ণ মাঠ জুড়ে তখন পাকা ধানের ঢেউ ওঠে ; দূর থেকে মনে হয় যেন প্রকৃতি নিজেই সোনালি আভরণ পরে দাঁড়িয়ে আছে। পরনে সোনালি পরিধান , মুখে মধুর হাসি — মায়ের এই অপরূপ রূপ দেখে বাঙালির হৃদয় আনন্দে ভরে ওঠে । অগ্রহায়ণ বাঙালির জীবনে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। মধ্যযুগের কবি মুকুন্দরাম চক্রবর্তী তাই বলেছিলেন — ধন্য অগ্রহায়ণ মাস , ধন্য অগ্রহায়ণ মাস , বিফল জনম তার , নাই যার চাষ । এই মাসেই কৃষক ঘরে তোলে বছরের প্রধান শস্য — আমন ধান। দীর্ঘ পরিশ্রমের পর মাঠ থেকে গোলায় উঠে আসে ধান ; কৃষকের ঘরে ফিরে আসে এক বছরের আশ্বাস ও প্রাচুর্য। গ্রামবাংলার আকাশে তখন যেন উৎসবের সুর বাজতে থাকে। নতুন ধানের নতুন চাল দিয়ে তৈরি হয় পিঠা , পায়েস ও নানা মিষ্টান্ন। এই নব অন্নকে ঘিরেই জন্ম নেয় নবান্ন উৎসব — বাংলার কৃষিজীবনের অন্যতম আনন্দঘন উৎসব । অগ্রহায়ণের...