চাঁদহীন পৃথিবী : এক সম্ভাব্য বিপর্যয়ের রূপকথা
পৃথিবী চাঁদহীন নয়। তার একমাত্র উপগ্রহ কোথাও হারিয়ে যায়নি , কিংবা অদূর ভবিষ্যতে হারিয়ে যাবে — এমন কোনও আশঙ্কার কথাও জ্যোতির্বিজ্ঞানীরা এখনও উচ্চারণ করেননি। তবু এই ভাবনাটি আমাদের কল্পনায় ফিরে আসে — যদি কোনও একদিন মানুষ চাঁদের দখল নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে , এবং সেই সংঘাত ভয়াবহ রূপ নিয়ে পারমাণবিক যুদ্ধে পরিণত হয়! তখন কি চাঁদও মানুষের ধ্বংসযজ্ঞের শিকার হতে পারে ? এই আশঙ্কা পুরোপুরি অমূলক নয়। চাঁদের বুকে রয়েছে হিলিয়াম–৩ নামের এক দুর্লভ জ্বালানি সম্পদের বিপুল ভান্ডার , যা ভবিষ্যতের পরিচ্ছন্ন পারমাণবিক শক্তির সম্ভাব্য উৎস হিসেবে বিবেচিত। যখন মানবসভ্যতা এই সম্পদ আহরণের প্রযুক্তিতে পারদর্শী হবে , এবং পৃথিবীর জ্বালানি ভান্ডার ক্রমশ নিঃশেষের দিকে এগোবে , তখন চাঁদকে কেন্দ্র করে প্রতিযোগিতা , এমনকী সংঘর্ষও অনিবার্য হয়ে উঠতে পারে। আর সেই যুদ্ধ , পৃথিবী থেকে অনেক দূরে সংঘটিত হওয়ার কারণে , নৈতিক দ্বিধা ছাড়াই পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকেও গড়াতে পারে — এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না । ইতিহাসে এমন এক বিস্ময়কর পরিকল্পনার কথাও শোনা যায় — প্রথম পারমাণবিক বিস্ফোরণ নাকি চাঁদেই ঘটা...