মহাবিশ্বে মহাকাব্যে
মহাবিশ্বের ইংরেজি শব্দ Universe অত্যন্ত সুন্দর এবং গভীর তাৎপর্যপূর্ণ। শব্দটি তৈরি হয়েছে Uni ( এক) এবং Verse ( ছন্দোবদ্ধ রচনা) এই দুটি শব্দের মিলনের ফলে । সুতরাং , Universe- এর প্রকৃত অর্থ এক অনন্ত কবিতা — এক মহাকাব্য , এক মহাসংগীত , যার প্রতিটি নক্ষত্র , গ্রহ , নদী , বৃক্ষ , প্রাণ এবং মানুষ সেই সৃষ্টির অমর পঙ্ক্তিমালার অংশ । এই দৃষ্টিতে মহাবিশ্ব কেবল জড় পদার্থের সমষ্টি নয় ; এটি এক সৃজনশীল প্রকাশ। আকাশগঙ্গার ঘূর্ণন , নক্ষত্রের জন্ম ও মৃত্যু , ঋতুর আবর্তন , ফুলের প্রস্ফুটন , পাখির গান , মানুষের হাসি-কান্না — সবকিছু মিলিয়ে যেন এক বিশাল সিম্ফনি , এক অনন্ত কাব্যধারা। আর যিনি এই মহাকাব্যের স্রষ্টা তিনি মহাকবি — যাঁর কল্পনা ও সৃজনশক্তির বিস্তার অসীম । এই অনুভব থেকে সেই মহাকবির উদ্দেশে বলা যায় — ‘ মহাবিশ্বে মহাকাব্যে তুমি আছ অসীম রহস্যে । ’ মহাবিশ্বের প্রতিটি কণা , প্রতিটি ঘটনা , প্রতিটি প্রাণের অন্তরালে যেন লুকিয়ে আছে এক রহস্যময় উপস্থিতি। বিজ্ঞান সেই রহস্যের সূত্র খোঁজে , দর্শন তার অর্থ অনুসন্ধান করে , আর কবিতা তার সৌন্দর্য অনুভব করে । আমরা প্রত্যেকেই এই মহাকাব্যের একটি পঙ্ক্...