বাটারফ্লাই ইফেক্ট: সামান্য পরিবর্তনের বিশাল প্রভাব
দিল্লিতে যদি একটি প্রজাপতি ডানা ঝাপটায়, তবে সেই ডানা ঝাপটানোর কারণে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে কি? এই প্রশ্নের উত্তরে আমরা যা জানি, তা ঠিক না-ও হতে পারে।
বিশিষ্ট মার্কিন
গণিতবিদ এবং আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেঞ্জ মনে করেন, প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে ঘূর্ণিঝড় হতেও পারে। লরেঞ্জের উক্তি — ‘When a butterfly flutters its wings in one part of
the world, it can eventually
cause a hurricane in another’। এই অদ্ভুত বক্তব্যের সমর্থনে তিনি যে তত্ত্ব
দাঁড় করেছেন তার নাম দিয়েছেন ‘বাটারফ্লাই ইফেক্ট’। এই তত্ত্ব অনুসারে একটি বিশৃঙ্খল এবং জটিল
সিস্টেমের একপ্রান্তে ঘটিত অতি ক্ষুদ্র কোনও পরিবর্তন বা ঘটনা (যেমন, প্রজাপতির পাখা ঝাপটানো) অন্যপ্রান্তে বৃহত্তর এবং অপ্রত্যাশিত ফলাফল তৈরি
করতে পারে, যেমন একটি ঘূর্ণিঝড়।
![]() |
| বাটারফ্লাই ইফেক্ট |
এডওয়ার্ড লরেঞ্জ গবেষণা করেছেন আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। তিনি দেখিয়েছেন যে, একটি প্রজাপতির ডানা ঝাপটানোর মতো ক্ষুদ্র ঘটনা অন্যত্র আবহাওয়ার বিরাট পরিবর্তনের সম্ভাব্য কারণ হতে পারে। তাছাড়া, গবেষণার ফলাফলের ভিত্তিতে লরেঞ্জ যে গ্রাফ পেয়েছেন তা দেখতে অনেকটা প্রজাপতির মতো। এ-সব কারণেই এই তত্ত্বের নাম দেওয়া হয়েছে ‘বাটারফ্লাই ইফেক্ট’। এই তত্ত্ব বিজ্ঞানের বিভিন্ন শাখায়, যেমন আবহাওয়া বিজ্ঞান, অর্থনীতি এবং সমাজবিজ্ঞানে প্রয়োগ করা হয়।
পঞ্চবটির অরণ্যে
একটি মনোহরণ সোনার হরিণ দেখে সীতাদেবী শ্রীরামচন্দ্রের কাছে আবদার করলেন —
‘ওই সোনার হরিণ আমার চাই’। কিন্তু জীবন্ত হরিণ যে সোনার হয় না তা বুঝতে ভুল করলেন সীতাদেবী। রামচন্দ্রও কি বুঝতে ভুল করলেন? হয়তো সীতাদেবীকে অসম্ভব ভালবাসতেন সে কারণে অথবা নিছক গৃহশান্তি রক্ষার্থে
রামচন্দ্র বের হলেন সোনার হরিণের সন্ধানে। খুব ছোট্ট একটি ঘটনা। কিন্তু এর থেকে সৃষ্টি হয়েছিল সীতা হরণ এবং লঙ্কাকান্ডের মতো বিরাট বিরাট ঘটনা। এটাই ‘বাটারফ্লাই ইফেক্ট’। এই ধরণের ঘটনা আজও ঘটতে পারে। হতে পারে, যখন রামভক্ত জনতা রামচন্দ্রকে নিয়ে ব্যস্ত,
তখন ছদ্মবেশী রাবণ আজও হয়তো মনে মনে
সীতাহরণের ফন্দি আঁটে।
ঝিলের জলে ছোট্ট
একটি পোকা বসলে প্রথমে ছোট্ট একটি তরঙ্গ সৃষ্টি হয়। সেই তরঙ্গ থেকে আর একটি, তার থেকে আর একটি — এইভাবে
তরঙ্গ ছড়িয়ে পড়ে গোটা ঝিলে। আমাদের জীবন ও জগৎ পরস্পরসংযুক্ত। এখানে আমাদের আচরণ ও চিন্তাভাবনার প্রভাব তরঙ্গের মত বহু দূর পর্যন্ত বিস্তৃত
হতে পারে। আর এইভাবে আমাদের ছোট্ট একটি কাজ এবং
চিন্তাধারা বৃহত্তর জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ছোট্ট পরিবেশগত
কাজ, যেমন একটি গাছ লাগানো,
দীর্ঘমেয়াদে বিশাল পরিমানে কার্বন
শোষণ করে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষকের একটি ছোট্ট পাঠ শিক্ষার্থীর জীবনে বড় প্রভাব ফেলতে পারে, যা সেই শিক্ষার্থীকে জীবনে সফল হতে এবং
পরবর্তীতে সমাজে অবদান রাখতে সাহায্য করতে পারে।
একটি সান্তনা বা
সহানুভূতির বাক্যে দুর্দশাগ্রস্থ মানুষ নতুন করে জীবনের প্রতি আশান্বিত হতে পারে।
প্রতিদিন ছোটখাটো দয়া প্রদর্শন করা, যেমন কারও জন্য দরজা খুলে ধরা বা কাউকে সাহায্য করা, মানুষের মনোভাব পরিবর্তনে এবং বৃহত্তর সম্প্রদায়ে
ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এক মুহূর্তের
মাইন্ডফুলনেস সমস্ত শরীরে বিপুল স্বাচ্ছন্দ্য প্রদান করতে পারে। চেতনায় ছোট্ট একটি ইতিবাচক পরিবর্তন মানুষের জীবনে ঘটাতে পারে লক্ষণীয়
আধ্যাত্মিক উন্নতি। আর এ-সব ঘটে যে প্রক্রিয়ায় তার নাম
‘বাটারফ্লাই ইফেক্ট’ বা ‘প্রজাপতি-প্রভাব’।
