মেঘ, বৃষ্টি, তুষার
জলকণার সঞ্চয়ে জন্ম নেয় মেঘ। তারা দলে দলে আকাশের বুকে ভেসে বেড়ায় — অদৃশ্য কোনও সুরের টানে, অনন্ত যাত্রায়। এই পথচলায় কোথাও ঝরে পড়ে বৃষ্টি, কোথাও নেমে আসে তুষার। যেন সৃষ্টিকর্তা যখন ধরিত্রীকে কলুষমুক্ত করতে চান, শান্তির স্নিগ্ধ স্পর্শে তাকে ধুয়ে দিতে চান, তখনই মেঘের অন্তর থেকে বর্ষিত হয় বৃষ্টি কিংবা তুষার।
বৃষ্টির সময়ে মেঘ-নিঙড়ানো জল ফোঁটায় ফোঁটায় নেমে আসে — সজীব, উচ্ছল, অবিরাম।
আর তুষারপাতের সময় মেঘ যেন নিজেই অবতীর্ণ হয় — ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোয় ভেঙে — নীরবে, ধীর
লয়ে। এই ঝরে-পড়া মেঘখন্ডই স্নোফ্লেইক — ছোটো পাতলা ও চ্যাপটা তুষারফলক — ষড়ভুজাকার
সূক্ষ্ম বিন্যাসে গড়া, পাখির পালকের মতো হালকা, অথচ অপূর্ব শৈল্পিক।
বৃষ্টি নামে শব্দের উল্লাসে — ঝমঝম ধ্বনিতে প্রকৃতি হয়ে ওঠে জলকলরবে
মুখর। তুষার নামে তার বিপরীতে — নিঃশব্দে, মৃদু ছন্দে, যেন
নীরবতার গভীর সঙ্গীত বয়ে আনে। বৃষ্টির আছে উচ্চারণ, তুষারের আছে
অনুভব; বৃষ্টি
শোনায়, তুষার
ভাবায়।
তুষারপাতের সৌন্দর্য মানুষকে এক বিশেষ মুগ্ধতায় আচ্ছন্ন করে। তুষার
নিজে যেমন সুন্দর, তেমনি যাকে আবৃত করে তাকেও অনিন্দ্য রূপে রাঙিয়ে তোলে। পৃথিবী তখন হয়ে
ওঠে ধবধবে নির্মল — এক নীরব স্বপ্নলোক, যেখানে শব্দ স্তিমিত, অথচ
অনুভূতি তীব্র।
এই তুষারময় নৈঃশব্দ্য মানুষকে শেখায় নীরবতার ভাষা — যে ভাষা অনুধাবন
না করলে আত্মার মুক্তি অসম্পূর্ণ থেকে যায়। পারস্যের সুফি সাধক মাওলানা
জালাল উদ্দিন রুমি বলেছেন — ‘Silence is the language of God; all else is poor translation।’ নৈঃশব্দ্যই
ঈশ্বরের ভাষা; বাকি সব তার অপূর্ণ অনুবাদ মাত্র।
একই ভাবনা প্রতিধ্বনিত হয়েছে খলিল জিব্রান-এর
কথায় — ‘যখন তুমি নৈঃশব্দ্যের প্রবাহ থেকে জল পান করতে পারবে, তখনই
তুমি সত্যিকার অর্থে গানে মুখর হবে।’
নীরবতার গভীরতা উপলব্ধি করেই মানুষ খুঁজে পায় তার অন্তরের সুর, তার
পরিপূর্ণ আনন্দ।
এইভাবে মেঘ, বৃষ্টি ও তুষার কেবল প্রকৃতির রূপান্তর নয় — এরা একেকটি দার্শনিক ইঙ্গিত, নীরব আহ্বান। শব্দ ও নৈঃশব্দ্যের, বহির্জগত ও অন্তর্জগতের সূক্ষ্ম সেতুবন্ধনে মানুষ আবিষ্কার করে তার সত্য, তার সৌন্দর্য, তার মুক্তি। ▣
