Posts

অমাবস্যা ও পূর্ণিমা : চন্দ্রসূর্যের মিলন ও বিরহ তিথি

Image
অমাবস্যা হল কৃষ্ণপক্ষের শেষ তিথি , যখন চাঁদ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। মনে হতে পারে , চাঁদ যেন হারিয়ে গেছে , কিন্তু আসলে সে সূর্যের তীব্র আলোয় আড়াল হয়ে থাকে। সূর্যের আলোর বিপুলতা চাঁদের উপস্থিতিকে মুছে দেয় , ফলে আমরা তাকে দেখতে পাই না । অমাবস্যার দিনে সূর্য ও চাঁদ একইসঙ্গে উদিত হয় এবং অস্ত যায়। তারা সারাদিন পাশাপাশি থেকে আকাশে পরিভ্রমণ করলেও সূর্যের উজ্জ্বল দীপ্তিতে চাঁদ অনুজ্জ্বল হয়ে পড়ে। রাতেও তাদের অবস্থান কাছাকাছি থাকে , তবে তখনও চাঁদের গায়ে সূর্যের আলো পড়লেও তা আমাদের চোখে ধরা দেয় না , কারণ তখন তারা দুজনেই দিগন্তের ওপারে অস্ত যায় । এই দিনে সূর্য , চাঁদ ও পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে , যেখানে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে। এটি এক মহাজাগতিক সংযোগ , যা জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘সিজিজি’ ( syzygy) বা ‘ কক্ষপথের যুগল ’ নামে পরিচিত। এসময় চাঁদ ও সূর্য যেন পরস্পরের সান্নিধ্যে আবদ্ধ হয়ে থাকে , এক অদ্ভুত মহাজাগতিক সামঞ্জস্যে । এটি এক মহাজাগতিক প্রেমের রূপক , যেখানে সূর্য তার কিরণ চাঁদের ওপর বর্ষণ করে , আর চাঁদ সেই আলো প্রতিফলিত করে সূর্যের প্রতি তার নিবেদন জানায়। বাংলা ভাষায় অ...

অন্ধকার ও ইন্দ্রিয় অনুভূতি

মানুষ তার চারপাশের জগৎ সম্পর্কে জানতে পারে কিছু নির্দিষ্ট দেহযন্ত্রের মাধ্যমে , যেগুলোর নাম ইন্দ্রিয়। মানুষের শরীরে পাঁচটি ইন্দ্রিয় রয়েছে: চক্ষু (দর্শনেন্দ্রিয়) , ত্বক (স্পর্শেন্দ্রিয়) , কর্ণ (শ্রবণেন্দ্রিয়) , জিহ্বা (রসনেন্দ্রিয়) ও নাসা (ঘ্রাণেন্দ্রিয়)। এই পঞ্চ ইন্দ্রিয়ের প্রধান কাজ আমাদের দেহের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করা । পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে দর্শনেন্দ্রিয় সবচেয়ে শক্তিশালী , আর সবচেয়ে দুর্বল সম্ভবত ঘ্রাণেন্দ্রিয়। তবে , ইন্দ্রিয়গুলো একে অপরের পরিপূরক। যখন একটি ইন্দ্রিয় দুর্বল হয়ে পড়ে , তখন অন্য ইন্দ্রিয়গুলো আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। এজন্যই দৃষ্টিশক্তিহীন মানুষের অন্যান্য ইন্দ্রিয় তুলনামূলকভাবে অধিক সংবেদনশীল হয়ে ওঠে । রাতের অন্ধকারে যখন আমাদের দর্শনেন্দ্রিয় নিষ্ক্রিয় বা সীমিত হয়ে পড়ে , তখন অন্যান্য ইন্দ্রিয় , বিশেষত শ্রবণ , স্পর্শ ও ঘ্রাণেন্দ্রিয় আরও সক্রিয় হয়ে ওঠে। নৈঃশব্দ্যের মধ্যে ছোট ছোট শব্দ আরও স্পষ্টভাবে শোনা যায় , ফলে রাতের বেলায় প্রকৃতির শব্দময়তা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে । রাত্রিকালীন পরিবেশ আমাদের রসনেন্দ্রিয় ও ঘ্রাণেন্দ্রিয়ের সংবেদনশীলতা ...

তারার আলো ও হৃদয়ের আবেগ

মহাবিশ্বের দুটি অনন্য সৌন্দর্য — তারায় ভরা রাতের আকাশ ও ভালবাসায় ভরা মানুষের হৃদয়। আকাশের সঙ্গে মানুষের এই বন্ধন আদিমকাল থেকেই অটুট। সেই মুহূর্ত থেকে , যখন মানুষ প্রথমবার আকাশের দিকে তাকিয়েছিল , নক্ষত্রেরা তাকে মুগ্ধ করেছে , স্বপ্ন দেখিয়েছে । একসময় , বৈদ্যুতিক আলো কিংবা বিনোদনের আধুনিক মাধ্যমের আগে , মানুষের প্রধান রাত্রিকালীন আনন্দ ছিল আকাশ দেখা। তারা মৃত্তিকায় শুয়ে বিস্মিত নয়নে উপভোগ করত অসীম নক্ষত্ররাজির সৌন্দর্য। রাতের আকাশ ছিল এক রহস্য , যা মানুষকে ভাবতে শেখাত , কল্পনায় ভাসাত। নক্ষত্রের নীরব ভাষা হৃদয়কে সম্মোহিত করত , প্রশান্তি এনে দিত অন্তরে । কিন্তু আজ সেই সম্পর্ক ক্ষীণ হয়ে এসেছে। সভ্যতার কৃত্রিম আলো নক্ষত্রের শুদ্ধ দীপ্তিকে ম্লান করে দিয়েছে। রাতের আকাশ এখনও প্রতীক্ষায় থাকে , কিন্তু মানুষের দৃষ্টি আটকে থাকে নগরীর আলোর জালে । তবু , যদি কোনও এক রাতে কেউ তারাদের আহ্বান শোনে , বিস্মিত চোখে আকাশের দিকে তাকায় , তবে অনুভব করবে এক অনির্বচনীয় সৌন্দর্য। তারার আলো ধীরে ধীরে হৃদয়কে ভরিয়ে দেবে প্রশান্তিতে , সৃষ্টিকর্তার অপার মহিমায় আবিষ্ট করবে মন। তখন , গভীরভাবে কোনও এক নক্ষত্রের দিকে...

সত্যম শিবম সুন্দরম: একটি আধ্যাত্মিক ত্রিতত্ত্ব

Image
ঈশ্বর হলেন নিখিল বিশ্বের সর্বোচ্চ বাস্তব সত্তা। এই মূল সত্তা থেকেই জগৎসংসারের সৃষ্টি ও বিকাশ ঘটে। কিন্তু এই বাস্তব সত্তার বৈশিষ্ট্য কী ? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় সংস্কৃত শব্দমালার ছন্দোবদ্ধ স্তবক ‘সত্যম শিবম সুন্দরম’-এ । সত্যম: পরম বাস্তবতা ‘ সত্যম্’ অর্থ সত্য। এই সত্য এমন এক ‘পরম বাস্তবতা’ , যা আপাতদৃষ্টিতে বিভিন্ন মানুষের কাছে ভিন্নরূপে প্রকাশ পেলেও এর মূল সত্তায় রয়েছে একটি অভিন্ন পরম সত্য। এই সত্তা সরাসরি অনুভব করা যায় না ; কেবল আনন্দ , বেদনা , দুঃখ প্রভৃতি অনুভূতির মাধ্যমে উপলব্ধি করা সম্ভব। এটি হল সেই অনির্বচনীয় সত্তা , যা আমাদের অস্তিত্বের মূল । শিবম: শুভ ও মঙ্গলময় ‘ শিবম্’ অর্থ শিব , যা শুভ এবং মঙ্গলময়। শিব এমন এক সর্বজনীন কল্যাণের প্রতীক , যা মানবসমাজে সামঞ্জস্য বজায় রাখে এবং কল্যাণের মাধ্যমে বিকাশ লাভ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় , শিবম্ হল সেই শক্তি , যা মানবসমাজের কল্যাণে ক্রমাগত বিকশিত হয়। এটি জীবনের সেই ইতিবাচক গুণাবলী , যা সৌহার্দ্য , সহমর্মিতা ও ঐক্যের ভিত্তি গড়ে তোলে । সুন্দরম: সৌন্দর্যের দীপ্তি ‘ সুন্দরম্’ হল সেই দীপ্তি , যা সত্য থেকে উৎসারিত হয়ে সকল ...

তেলের সামাজিক মাহাত্ম্য

তেল শব্দটি এসেছে তিল থেকে। তিল থেকে উৎপন্ন হওয়ায় এর নাম হয়েছে তৈল বা তেল। প্রাচীনকালে , বাংলাদেশে রান্নার তেল হিসেবে প্রধানত তিলের তেল ব্যবহৃত হত। পরবর্তীকালে , সরিষা , নারকেল প্রভৃতি থেকে উৎপন্ন তেল রান্নার উপকরণ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। তবে , তেলের ব্যবহার শুধু রান্নার মধ্যেই সীমাবদ্ধ নয় ; এর প্রয়োগ অনেক বিস্তৃত । বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক হরপ্রসাদ শাস্ত্রী (১৮৫৩-১৯৩১) বলেন — ' তৈল নহিলে জগতের কোন কাজ সিদ্ধ হয় না। তৈল নহিলে কল চলে না , প্রদীপ জ্বলে না , ব্যঞ্জন সুস্বাদু হয় না , চেহারা খোলে না। ' তেল কেবল ব্যবহারিক অর্থেই গুরুত্বপূর্ণ নয় , এর রূপক অর্থও বিশেষ তাৎপর্যপূর্ণ। হরপ্রসাদ শাস্ত্রী আরও বলেন — ' এক তেলে চাকা ঘোরে , আর-তেলে মন ফেরে। ' অর্থাৎ , পারস্পরিক সম্পর্ক মসৃণ রাখতে মানুষ ‘তেল’ ব্যবহার করে , যা এক ধরনের সামাজিক কৌশল বা ‘সামাজিক তেল’ বলে বিবেচিত হতে পারে । সংস্কৃত সাহিত্যে তেলের আরেক নাম ‘স্নেহ’। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলেন — ‘ বাস্তবিকই স্নেহ ও তৈল একই পদার্থ। আমি তোমায় স্নেহ করি , তুমি আমায় স্নেহ কর , অর্থাৎ , আমরা পরস্পরকে তৈল দিয়া থাকি। স্নেহ ...

সমাপতন: রহস্যময় যোগসূত্র নাকি নিছক কাকতালীয়?

প্রতিদিন আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটে। কিছু ঘটনা কার্যকারণ সূত্রে বাঁধা — একটি ঘটনার ফলস্বরূপ আরেকটি ঘটে। যেমন , বাতাসে নির্দিষ্ট পরিমাণ তাপ সঞ্চিত হলে সমুদ্রপৃষ্ঠের জল বাষ্পে পরিণত হয়। তবে কিছু ঘটনা এমনও ঘটে , যেগুলোর মধ্যে কার্যকারণ সম্পর্ক নেই , বরং তারা নিছক একসঙ্গে সংঘটিত হয়। এ ধরনের ঘটনাকে বলা হয় সমাপতন বা কাকতালীয় ঘটনা । আমাদের জীবনে প্রায়শই ঘটে যায় বিস্ময়কর কাকতালীয় ঘটনা। হয়তো কোনও ব্যক্তির কথা গভীরভাবে ভাবছেন , ঠিক তখনই পার্কে বা শপিং মলে তার সঙ্গে দেখা হয়ে গেল! এটি কি শুধুই কাকতালীয় , নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও ব্যাখ্যা ? আবার ধরুন , হঠাৎ হাত থেকে পড়ে গেল কাচের গ্লাস , আর ঠিক সেই মুহূর্তে দূরে থাকা সন্তান বিপদে পড়ল। দুটি ঘটনা কি নিছকই সমাপতন , নাকি এর মধ্যে রয়েছে এক অদৃশ্য যোগসূত্র ? জুং-এর ‘সিনক্রোনিসিটি’ তত্ত্ব সুইস মনোবিদ ও মনঃসমীক্ষক কার্ল গুস্তাভ জুং (১৮৭৫–১৯৬১) মনে করতেন , আমাদের জীবনে এমন অনেক সমাপতন ঘটে , যার ব্যাখ্যা আমরা করতে পারি না। তবে এগুলো শুধুই আকস্মিক নয় , বরং এক ধরনের গভীর অর্থবহ সংযোগ রয়েছে। এ ধারণাকে তিনি ‘ সিনক্রোনিসিটি’ বা ‘ অর্থবহ সমাপতন’ ...

মেঘ বৃষ্টি তুষার

Image
জলকণা দিয়ে তৈরি হয় মেঘ । মেঘেরা দলে দলে আকাশতলে ভেসে চলে । চলার পথে কোথাও ঝরায় বৃষ্টি , কোথাও বা তুষার । ঈশ্বর যখন ধরিত্রীকে ‘ কলুষমুক্ত ’ করতে চান , শান্তিবারি দিয়ে আশীর্বাদ করতে চান , তখন মেঘ থেকে বর্ষিত হয় বৃষ্টি কিংবা তুষার । বৃষ্টিপাতের সময় মেঘ - নিংড়ানো জল নেমে আসে — ফোঁটায় ফোঁটায় । তুষারপাতের সময় মেঘ নিজেই নেমে আসে — ছোট ছোট টুকরোয় বিভক্ত হয়ে । ঝরে - পড়া মেঘের টুকরোকে বলা হয় স্নোফ্ল্যাক্স বা তুষারফলক — পাখির পালকের মতো হালকা , ষড়ভুজাকার তুষারকণা । বৃষ্টি পড়ে সশব্দে , ঝমঝমিয়ে । জলকলরবে মুখর বৃষ্টিপাত । তুষার নামে নিঃশব্দে , ধীরগতিতে । মৌনতায় মুখর তুষারপাত । তুষারপাতের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে ।   তুষার নিজে সুন্দর ,  যাকে আবৃত করে তাকেও সুন্দর করে ।   তুষারপাতের দৃশ্য অবলোকন মানুষকে নৈঃশব্দ্যের ভাষা অনুধাবনে অনুপ্রাণিত করে । নৈঃশব্দ্যের ভাষা বুঝতে না পারলে মানুষের মুক্তি হয় না । পারস্যের সুফি সাধক মাওলানা জালাল উদ্দিন রুমি বলেছেন — ‘Silence is the language of god, all else is poor translation.’ নৈঃশব্দ্য এমন একটি ভাষা , যে ভাষায় ঈশ্বর কথা বলেন , আর অন্য ...

রাসলীলা : অন্তরলীলার মহিমা

Image
‘ আয় তবে সহচরী , হাতে হাতে ধরি ধরি , নাচিবি ঘিরি ঘিরি , গাহিবি গান’ — যেন এমনই এক দিব্য আহ্বান ধ্বনিত হয়েছিল শ্রীকৃষ্ণের বাঁশিতে , কার্তিকী পূর্ণিমার এক নীরব শারদরাত্রিতে। সেই সুর ছিল না কেবল সংগীত ; তা ছিল অন্তরের অন্তঃস্থলে স্পর্শ করা এক দিব্য ডাক। সেই আহ্বানে সাড়া দিয়ে বৃন্দাবনের গোপীগণ লৌকিক বন্ধন ভুলে ছুটে গিয়েছিলেন অরণ্যের অভিসারে । সেদিনের বৃন্দাবন ছিল এক অলৌকিক পরিবেশে আবিষ্ট — পূর্ণিমার ধবল জ্যোৎস্নায় স্নাত , কদমতরুর ছায়ায় নিবিড় , নিস্তব্ধ অথচ সুরময়। প্রকৃতি যেন নিজেই প্রস্তুত হয়েছিল এক মহালীলার মঞ্চ হয়ে উঠতে। গোপী-পরিবেষ্টিত শ্রীকৃষ্ণ সেই রাত্রিতে প্রবৃত্ত হলেন রাসনৃত্যে — প্রেম , সুর ও চেতনার এক অনুপম সমবায়ে । কথিত আছে , সেই লীলায় পীতাম্বরধারী কৃষ্ণ নিজের অনেকগুলো প্রতিরূপ সৃষ্টি করেছিলেন। রাসমন্ডলে যত গোপী , তত কৃষ্ণরূপ — প্রত্যেকের সঙ্গে পৃথক , অথচ একই সঙ্গে একাত্ম। কোনও গোপীর মনে হল না যে তিনি বঞ্চিত ; প্রত্যেকেই অনুভব করলেন , কৃষ্ণ কেবল তাঁরই। এক কৃষ্ণ , বহু প্রকাশ — এই বিস্ময়ের মধ্যেই নিহিত আছে রাসলীলার রূপক-সত্য । আকাশে চাঁদ একটিই , কিন্তু অসংখ্য জলাশয়ে তার প্রতিব...

কালাতীত কালী : সময় ও মৃত্যুর অতল রহস্য

Image
কার্তিকের অমানিশা। নিবিড় , অলৌকিক অন্ধকারে আচ্ছন্ন চরাচর। আকাশের নক্ষত্ররাজি নৈঃশব্দ্যের সুরে স্থির , যেন মহাকালের গভীর স্পন্দন শুনছে। এই গাঢ় অন্ধকারের অন্তঃস্থ উৎস থেকেই যেন উদ্ভাসিত হন জ্যোতির্ময়ী দেবী কালী — মুক্তকেশী , ত্রিনয়নী , দিগবসনা। তাঁর সাধনায় নিমগ্ন হয় ভক্তমন। কিন্তু কে এই কালী ? তাঁর রূপের অন্তর্নিহিত দর্শনই বা কী ? কালী দেবীমণ্ডলীর মধ্যে স্বতন্ত্র। তিনি একই সঙ্গে ভয়ংকর ও মমতাময়ী। এক হাতে খড়্গ , অন্য হাতে নরমুণ্ড ; আবার অপর দুই হাতে বরমুদ্রা ও অভয়মুদ্রা। সংহার ও আশ্রয় — এই বৈপরীত্যের এমন সংহতি অন্য দেবীর ক্ষেত্রে বিরল । রবীন্দ্রনাথ ঠাকুর কালী-রূপের এই দ্বৈততাকে গানে ব্যক্ত করেছেন — “ ডান হাতে তোর খড়্গ জ্বলে , বাঁ হাত করে শঙ্কাহরণ , দুই নয়নে স্নেহের হাসি , ললাটনেত্র আগুনবরণ।” এই চিত্রে কালী একই সঙ্গে সংহারিণী ও করুণাময়ী জননী। তাঁর মুক্তকেশ অনন্তের প্রতীক ; তাঁর তৃতীয় নয়ন জাগ্রত চেতনার দীপ্তি। তিনি বিভীষিকা নন , বরং বিভীষিকার মধ্য দিয়ে সত্যের উন্মোচন । ‘ কালী’ শব্দের উৎস ‘কাল’। মহানির্বাণ তন্ত্র - এ বলা হয়েছে — যিনি কালকে ‘কলন’ অর্থাৎ গ্রাস করেন , তিনিই কালী। অর্থাৎ...